ফুলবাড়ী কয়লা প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর থেকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ইং এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ ইং অনুসারে পরিবেশগত ছাড়পত্র জারী করা হয়েছে। এ ধরণের প্রকল্পের জন্য যেহেতু এ ছাড়পত্র দু’ধাপে গ্রহণ প্রয়োজন, তাই প্রথমতঃ অবস্থানগত ছাড়পত্র এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের পরিবেশগত ও সামাজিক সমীক্ষা কার্যক্রমের শুরুতে পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এ সমীক্ষার, বিশেষতঃ পরিবেশগত প্রভাব নিরূপণ বা ইআইএ এর কার্যপরিধি নিশ্চিত করা হয়। একই সাথে দু’ধাপ ছাড়পত্রের প্রক্রিয়াকরণের আইনী প্রাসঙ্গিকতা পরিষ্কার করা হয়। এ প্রেক্ষিতে এশিয়া এনার্জি প্রচলিত আইন অনুসারে আইইই (প্রাথমিক পরিবেশগত পরীক্ষা) প্রতিবেদন প্রস্তুত করে এবং আইইই ও অন্যান্য কাগজপত্রসহ (এর মধ্যে ছিল প্রকল্প এলাকার বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফুলবাড়ী পৌরসভার চেয়ারম্যানের প্রকল্প বিষয়ে অনাপত্তিপত্র) ১০ ফেব্রুয়ারী ২০০৫ ইং তারিখে অবস্থানগত ছাড়পত্রের জন্য আবেদন করে। পরিবেশ অধিদপ্তর সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শনসহ তাদের যাচাই বাছাইয়ের পর ২৯ মার্চ ২০০৫ ইং তারিখে প্রকল্পের অনুকূলে অবস্থানগত পরিবেশগত ছাড়পত্র জারী করে । পরবর্তীতে ১১ সেপ্টেম্বর ২০০৫ ইং তারিখে প্রকল্পের অনুকূলে পূর্ণাঙ্গ পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেলে অবস্থানগত ছাড়পত্র তখন থেকে আর প্রাসঙ্গিক নয় বলে গণ্য হয়।
এশিয়া এনার্জি তার পরিবেশগত ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে থাকে এবং পূর্ণাঙ্গ ইআইএ প্রতিবেদন সম্পন্ন করে। অবস্থানগত ছাড়পত্রের শর্তাদির ধারাবাহিকতায় এই ইআইএ সম্পন্ন করে তা অনুমোদন ও পূর্ণাঙ্গ পরিবেশগত ছাড়পত্রের জন্য ৩০ জুলাই ২০০৫ ইং তারিখে আবেদন করা হয়। অধিদপ্তর প্রাতিষ্ঠানিকভাবে আবেদন ও জমাকৃত প্রতিবেদন যাচাই বাছাই ও মূল্যায়ন করে ১১ সেপ্টেম্বর ২০০৫ ইং তারিখে ইআইএ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র জারী করে।
উল্লেখ্য, অধিদপ্তরের জারীকৃত সব ছাড়পত্রই (সবুজ শ্রেণীভুক্ত প্রকল্প/শিল্প প্রতিষ্ঠান ছাড়া) এক বছর মেয়াদী এবং তা বছর শেষে নবায়নযোগ্য। এশিয়া এনার্জি যথাসময়ে (২৪ জুলাই ২০০৬ ইং) এ ছাড়পত্র নবায়নের আবেদন করেছে। এ প্রেক্ষিতে অধিদপ্তরের ২৯ আগষ্ট ২০০৬ ইং তারিখের এক পত্রে উল্লিখিত চাহিদা মোতাবেক এশিয়া এনার্জি অধিদপ্তরকে ১০ অক্টোবর ২০০৬ ইং তারিখে বিস্তারিতভাবে বিবিধ কারিগরী ও প্রাসঙ্গিক তথ্যাদি সরবরাহ করেছে এবং বর্তমানে ছাড়পত্র নবায়নের অপেক্ষা করছে। আরও উল্লেখ্য, এশিয়া এনার্জি অধিদপ্তরের জারীকৃত ছাড়পত্রের কোন শর্ত কখনও কোনভাবে ভঙ্গ করেনি।