পানি ব্যবস্থাপনা বিশেষ করে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা উন্মুক্ত কয়লা খনির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুলবাড়ী ও আশপাশের পানির উৎস ও সরবরাহ ও ব্যবহার রীতি বিশ্লেষণ করে এশিয়া এনার্জি বিস্তারিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে।
কয়লা খনি শুষ্ক ও কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজন হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলনের একটি স্বাভাবিক প্রভাব রয়েছে। বিশেষ করে এতে খনি ও পাশ্ববর্তী এলাকায় বিভিন্ন মাত্রায় পানি স্তর নীচে নেমে যাওয়াসহ গৃহস্থালী, কৃষিসহ অন্যান্য কাজে পানির সহজলভ্য প্রাপ্তিতে সাময়িক সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পানি উত্তোলন ও নিষ্কাশন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং খনি উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটিও আনুপাতিকভাবে অগ্রসর হবে এবং পিছনের কিছু কূপও পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।
এশিয়া এনার্জি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সম্প্রদায়ের কাছে পানির নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। একটি সমন্বিত প্রশমণমূলক ব্যবস্থার আওতায় পানি উত্তোলনের সম্ভাব্য প্রভাব কমিয়ে আনা হবে; ক্ষতিগ্রস্ত গ্রাম, ফুলবাড়ী শহর এবং কৃষিকাজে পানির সহজলভ্য প্রাপ্তি নিশ্চিত করা হবে।
খনি থেকে উত্তোলিত পানির কিছু অংশ পাইপ লাইনের মাধ্যমে বর্ধিত ফুলবাড়ী শহরে সরবরাহ করা হবে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে প্রয়োজনানুসারে গভীর ও অগভীর নলকুপ স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থালীর জন্য পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শহর ও গ্রামগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। বড় ব্যাসার্ধের পাইপ লাইন ও নালার মাধ্যমে উত্তোলিত পানির অপর একটি অংশ এবং প্রয়োজনে গভীর নলকুপ স্থাপন করে বড় ব্যাসার্ধের পাইপলাইন ও নালার সাহায্যে পর্যাপ্ত পরিমাণে পানি কৃষকদের কাছে সরবরাহ করা হবে। কৃষিক্ষেতে পানি সরবরাহের জন্য মোট ২৫০ কিমি পাইপ লাইন স্থাপন করা হবে এবং এতে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। শুষ্ক মৌসুমে দুই ফসলের জন্য গড়ে প্রতিদিন ২১৬ মিলিয়ন লিটার পানি সরবরাহ করা হবে। সারা বছরব্যাপী পানির নিশ্চিত এবং নির্ভরযোগ্য সরবরাহের ফলে কৃষি উৎপাদন বেড়ে যাবে এবং উৎপাদন খরচও কমে আসবে।
প্রয়োজনানুসারে উত্তোলিত পানির কিছু অংশ পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে প্রবাহিত করা হবে যাতে পানির গুণাগুণ, বর্তমান মৌসুমী প্রবাহ এবং জলজ প্রাণী ও উদ্ভিদকুলের আবাসস্থল অক্ষুন্ন থাকে। খনির কার্যক্রম থেকে সৃষ্ট অপরিশোধিত কোন পানিই পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে প্রবাহিত করা হবেনা। কেবলমাত্র জাতীয় ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে পরিশোধিত পানিই প্রবাহিত করা হবে। একটি সমন্বিত পরিবীক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে যাতে খনি কর্মকান্ডের প্রভাব এবং গৃহীত প্রশমণমূলক ব্যবস্থা মূল্যায়ন করা যায়।
প্রায় ১৫০টি ইনজেকশন বোর ও ইনফিলট্রেশন ট্রেঞ্চ এর সাথে ৫০ কিমি পাইপ লাইন সংযোগের মাধ্যমে গড়ে ২০০০ লিটার/সেঃ পানি ভূগর্ভস্থ স্তরে পুনঃপ্রবেশ করানো হবে। খনি এলাকা থেকে উত্তোলিত পানির প্রায় ২৫-৩০% পানি এভাবে ভূগর্ভস্থ স্তরে পুনঃপ্রবেশ করানো সম্ভব হবে এবং এতে বিস্তৃত এলাকাব্যাপী পানির স্তর নেমে যাওয়া রোধ হবে। ভূ-গর্ভস্থ স্তরে পানি পুনঃপ্রবেশ ব্যবস্থা গড়ে তুলতে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে এবং এর পরিচালনা ব্যয় বাবদ বাৎসরিক ১.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এটি বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও পরীক্ষিত পদ্ধতি এবং জার্মানীর বিশ্বখ্যাত আর ডব্লিউ ই মাইনসহ উন্নত বিশ্বের উন্মুক্ত খনিগুলোতে অত্যন্ত সফলভাবে অনুসৃত হচ্ছে। উল্লেখ্য, আরডব্লিউই এশিয়া এনার্জি’র সঙ্গে পানি ব্যবস্থাপনা কাজে যুক্ত আছে।