বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতার আওতায় এশিয়া এনার্জি ২০০৪ ইং সালের শুরুতে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতের কাজ শুরু করে। এ কাজের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে কোম্পানীকে ২৪ মাস সময় দেয়া ছিল। স্বনামখ্যাত দেশি বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক ও কোম্পানী কর্মকর্তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ১৮ মাসের মধ্যেই তা সম্পন্ন করে এবং ২ অক্টোবর ২০০৫ ইং তারিখে সরকারের কাছে জমা দেয়।
বিভিন্ন কারিগরী, পরিবেশগত ও সামাজিক সমীক্ষা এই কার্যক্রমের অংশ ছিল। এর মাধ্যমে ফুলবাড়ী কয়লা এলাকার সম্পদ যথাযথভাবে নিরূপণ ও তা পরিবেশসম্মত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আহরণের প্রাষঙ্গিক সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করা হয়। এ সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা এই সিদ্ধান্তে পৌঁছে যে ফুলবাড়ীতে উন্নতমানের যথেষ্ট পরিমাণ কয়লা মজুদ আছে যা উন্মুক্ত খনন পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশগত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ভাবে আহরণ সম্ভব। সার্বিকভাবে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য এবং গ্রহণযোগ্য।