এশিয়া এনার্জি পিএলসি বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়। এর অংশ হিসাবে ডিসেম্বর ২০০৬ ইং তারিখে জিএমভি মেটাল লিঃ, দক্ষিণ আফ্রিকার একটি খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণ এবং কয়লা উত্তোলন কোম্পানীর ১৫ শতাংশ শেয়ার কিনে নেয়। কোম্পানীর এই বিনিয়োগ দক্ষিণ আফ্রিকার কয়লা ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ যা দক্ষিণ আফ্রিকায় একটি ভূ-গর্ভস্থ কয়লা খনি (হফনটেইন প্রকল্প) এবং ২ টি উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি (লিমপোপো ও বাওবাব প্রকল্প) উন্নয়নে সহযোগিতা করবে। জিএমভি নিয়ন্ত্রিত মোট কয়লা সম্পদের পরিমাণ প্রায় ২ বিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে। জিএমভি অষ্ট্রেলিয়ার স্টক এক্সচেঞ্জ, এআইএম লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং জোহান্সবার্গ স্টক এক্সচেঞ্জ এ তালিকাভুক্ত।
এশিয়া এনার্জি পিএলসির ১০ জানুয়ারী ২০০৭ ইং তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর এশিয়া এনার্জি পিএলসি নাম পরিবর্তন করে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট পিএলসি রাখার একটি বিশেষ প্রস্তাব যথাযথভাবে অনুমোদন করা হয়। এই পরিবর্তিত নাম আন্তর্জাতিক পরিসরে কোম্পানীর কয়লা ক্ষেত্রে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের কৌশলকে ভালভাবে তুলে ধরতে সাহায্য করে।
গ্লোবাল কোল ম্যানেজমেন্ট ২০০৭ ইং সালের ২২ জানুয়ারী ঘোষণা করে যে, বাংলাদেশে কৌশলগত বিনিয়োগের জন্য কোম্পানী পিপলস টেলিকম এন্ড ইনফরমেশন সার্ভিসেস লিঃ এর ২৬.৫ শতাংশ শেয়ার ৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পরবর্তীতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত এবং বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। পিপলস টেলিকম এন্ড ইনফরমেশন সার্ভিসেস লিঃ বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ফিক্সড লাইন টেলিফোন অপারেটর যারা ১৯৮৯ ইং সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
গ্লোবাল কোল ম্যানেজমেন্ট দেশে দেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ধারাবাহিকতায় ২০০৭ সালের জুলাই এ বেইজিং ভিত্তিক চায়না কোল এ্যান্ড এনার্জি কর্পোরেশন (সিসিইসি) এর ১২,৫০০ শেয়ার অধিগ্রহণ করে। এর ধারাবাহিকতায় এ কোম্পানি এপ্রিল ২০০৭ এ আফ্রিকায় ইউরেনিয়াম প্রকল্পে যুক্ত হতে অরা এনার্জি লিমিটেড এর সঙ্গে একটি চুক্তি করে। অরা অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জ এ তালিকাভুক্ত ইউরেনিয়াম অনুসন্ধান কোম্পানী।
পরবর্তীতে গত ১১ ই ডিসেম্বর ২০০৭ এ অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় গ্লোবাল কোল ম্যানেজমেন্ট পিএলসির নাম পুনরায় পরিবর্তন করে জিসিএম রিসোর্সেস পিএলসি (সংক্ষেপে জিসিএম) রাখা হয়।
পরে জিসিএম বিভিন্ন দেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আরও জোর দেয়ার উদ্যোগ নেয়। ১৪ ডিসেম্বর ২০০৭ ইং তারিখে হংকং ভিত্তিক রিজেন্ট প্যাসিফিক গ্রুপ লিমিটেড (আরপিজি) কর্তৃক বেইজিং ভিত্তিক সিসিইসি কোম্পানী অধিগ্রহণের ফলে এ কোম্পানীতে জিসিএম রিসোর্সেস এর মূলধনী অংশীদারিত্ব দাঁড়ায় ২ শতাংশ। মে ২০০৮ এ অরা এনার্জি লিমিটেড এর ১৩ দশমিক ০৪ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করে জিসিএম এবং সেপ্টেম্বর ২০০৮ এ যা ১৭ শতাংশে উন্নীত হয়। এ বছরের দ্বিতীয়ার্ধে এ কোম্পানী পোলো রিসোর্সেস লিমিটেড এর ৪ শতাংশ মালিকানা অধিগ্রহণ করে। পোলো লন্ডন স্টক এক্সচেঞ্জ এ তালিকাভুক্ত মাইনিং কোম্পানী। মঙ্গোলিয়ায় কয়লা ও ইউরেনিয়াম অনুসন্ধানে তাদের রয়েছে বহুমুখী লাইসেন্স । এছাড়া জিসিএম দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য সাউথ আফ্রিকান কোল লিমিটেড গঠন করেছে। সাউথ আফ্রিকান কোল লিমিটেড জিসিএম রিসোর্সেস পিএলসি’র পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারী কোম্পানী।
জিসিএম তার সব কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোত্তম পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকারের ভিত্তিতে স্বচ্ছতার সাথে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ কোম্পানী জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়নে অংশগ্রহণ ও উল্লেখযোগ্য অবদান রাখতে অঙ্গীকারাবদ্ধ। একইসঙ্গে প্রকল্প প্রণয়ন, পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।